ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত


 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করতে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সিনিয়র সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ সভাটি সঞ্চালনা করেন।

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এতে ৯৮ দশমিক ৪০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এছাড়া হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম গত ২০ মে শেষ হয়েছে। তবে নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় হামের টিকাদান অব্যাহত রয়েছে। যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি, সেসব এলাকায় মপ-আপ ভ্যাকসিনেশন কার্যক্রমও চলমান রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, আমন মৌসুমে বীজের সরবরাহ নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে। বর্তমানে বীজের কোনো সংকট নেই। ফসল উৎপাদনে জৈব সার, বিশেষ করে ভার্মি কম্পোস্ট ব্যবহারে বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার এবং নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম চলছে। জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ এবং শিল্পকারখানার বর্জ্য যাতে সড়কে ফেলা না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় ২১ হাজার ৮৪টি পানির উৎস স্থাপন করা হয়েছে এবং আরও ২৫০টির কাজ চলমান রয়েছে। নেত্রকোনা জেলায় ১৩ হাজার ৮৫টি স্থাপন করা হয়েছে, চলমান রয়েছে ৯১১টি। জামালপুর জেলায় স্থাপন করা হয়েছে ৩ হাজার ৩১১টি, চলমান রয়েছে ২৯০টি। এছাড়া শেরপুর জেলায় ৭ হাজার ৪৮০টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভেজাল মৎস্য খাবার এবং নিষিদ্ধ মাছের উৎপাদন ও সরবরাহ রোধে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জুন ও জুলাই ২০২৬ মাসে মোট ২০টি খাদ্য ও পোনা নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে নির্ধারিত রেশিও অনুযায়ী লোড ম্যানেজমেন্ট সমন্বয় করা হচ্ছে।

সভায় বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, সরকারের সফটওয়্যার ও ডাটাবেজভিত্তিক কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও আন্তরিক হতে হবে। একই সঙ্গে উন্নয়নমূলক কাজগুলো নির্ধারিত সময়ে এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, সব সরকারি দপ্তর সমন্বিতভাবে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ