মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, অগ্রগতি এবং বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত রাস্তা মেরামতের কাজ চলছে। ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মেরামতকাজ দ্রুত সম্পন্ন করতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, ‘দেশব্যাপী গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের তালিকা যাচাই-বাছাই করে প্রকল্প পরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে।
গণপূর্ত বিভাগ জানায়, ময়মনসিংহ জেলা কারাগারের নির্মাণকাজ চলমান রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মহিলা অংশে বন্দি হস্তান্তরের পর কারাগারের পুরোনো অংশের কাজ শুরু করা হবে। এছাড়া শিশু হাসপাতালের নিচতলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে এবং শিগগিরই দ্বিতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায়, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় সাতটি কাজ চলমান রয়েছে। পাশাপাশি জেলার রাজস্ব কর্মসূচির আওতাধীন বিভিন্ন উন্নয়নকাজ গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই আতঙ্কিত না হয়ে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কমিটিসহ বিদ্যমান কমিটিগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। সরকারি উন্নয়নমূলক কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার সব সরকারি দপ্তরকে সমন্বিত ও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই: