রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় শ্মশানঘাট থেকে রাধা-কৃষ্ণের একটি মূর্তি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূর্তিটি সোনার নাকি পিতলের তৈরি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাতিয়ানগড় জালিয়াপাড়া শ্মশানঘাটে মূর্তিটি পাওয়া যায়। পরে প্রদীপ সরকার নামে স্থানীয় এক ব্যক্তি মূর্তিটি তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে মূর্তিটি রেখে পূজা-অর্চনার পাশাপাশি খিচুড়ি রান্নার আয়োজন করা হয়।
মূর্তিটি দেখতে আসা স্থানীয়দের কেউ এটিকে সোনার তৈরি বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পিতলের মূর্তি। তবে মূর্তিটি প্রকৃতপক্ষে কোন ধাতু দিয়ে তৈরি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ প্রদীপ সরকারের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
তবে মূর্তিটির প্রকৃত ধাতব উপাদান ও মূল্য সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। পরীক্ষার ফলাফল পাওয়া গেলেই মূর্তিটি সোনা, পিতল নাকি অন্য কোনো ধাতুর তৈরি, তা নিশ্চিত হওয়া যাবে।

0 মন্তব্যসমূহ