চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।


রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া, রামকৃষ্টপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।


অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশগ্রহণ করেন।


সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন আবর্জনা এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।


তারা আরও জানান, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ সচেতনভাবে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ