সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য, ১০ মাসে ২২১ কোটি টাকার মালামাল জব্দ


 


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে এ রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় চোরাচালানের অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।

দেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতায় রয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত। এ অঞ্চলের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

১০ মাসে উল্লেখযোগ্য জব্দ

অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জব্দ করা উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি।

এ ছাড়া ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ বিপুল পরিমাণ বিদেশি ও দেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশন এবং বিভিন্ন ধরনের ট্যাবলেট জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-পুলিশের যৌথ অভিযান, হেরোইন ও ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ দল শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করা হয়।

এ ছাড়া গত এক বছরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) প্রায় ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।

সীমান্ত সুরক্ষায় সম্মিলিত সহযোগিতার আহ্বান

মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিরোধেও কাজ করছে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর।

সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং সীমান্তবর্তী এলাকার জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বিজিবি। সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত তথ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ