চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান


 

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি বিশেষ টিম।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় ৮ নম্বর টিমের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হরতিকিতলা, বালিগ্রাম ও আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হরতিকিতলা এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. তোহিদুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা।

এ ছাড়া অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা যাবে। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ