মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।
তরুণ সমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ে আয়োজিত প্রচারণামূলক কর্মশালায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠী আমাদের অন্যতম বড় সম্পদ। তরুণদের মধ্যে রয়েছে মেধা, সৃজনশীলতা ও নতুন কিছু করার প্রবল আগ্রহ। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা। তরুণরা যেন শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
তিনি আরও বলেন, একজন তরুণ উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থানই তৈরি করেন না, বরং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। তাই সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাঁদের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। ব্যাংকিং অর্থায়নের পাশাপাশি ব্যবসায়িক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও বাজার সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ।
‘উদ্যোগ (UDYOG)’ অর্থাৎ Upazila Driven Youth Opportunity for Growth কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে কর্মরত সব তফসিলি ব্যাংক যৌথভাবে এ প্রচারণামূলক কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও তাঁদের উদ্ভাবনী উদ্যোগ চিহ্নিতকরণ, অর্থায়নের সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, শিক্ষাবিদ, স্থানীয় তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচিতে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

0 মন্তব্যসমূহ