ময়মনসিংহ রেঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: ডিআইজি


 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ রেঞ্জের প্রতিটি জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি জানান, পূজাকে কেন্দ্র করে প্রতিটি জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি মনিটরিং সেল গঠন করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে সার্বিক কার্যক্রম তদারকি করা হচ্ছে। একই সঙ্গে গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) নেত্রকোণা সদর থানার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিআইজি।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকারও নির্দেশনা দেন তিনি।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন রেঞ্জ ডিআইজি।

এ সময় নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ