শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বোয়ালী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে শিমুলতলা সার্বজনীন বটতলা কালীমন্দিরে বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “আজ নবমী, আগামীকাল দশমী। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের পক্ষ থেকে আমরা বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করছি। এমপি মজিবুর রহমান আপনাদের পাশে সব সময় আছেন। আমিও সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. নাসির উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. আবু আহমেদসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁরা কুশল বিনিময় করেন।

0 মন্তব্যসমূহ