কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত


 

শাকিল হোসেন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিতে উৎপাদিত কুটিরশিল্পের পণ্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূত। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা একাডেমি পরিদর্শন করে এসব পণ্য ঘুরে দেখেন।

একাডেমিতে পৌঁছালে রাষ্ট্রদূতদের স্বাগত জানান বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে তাঁরা একাডেমির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এর মধ্যে ছিল হস্ত ও কুটিরশিল্প বিভাগ, গার্মেন্টস বিভাগ এবং প্রান্তিক শক্তি ও ওয়েল্ডিং বিভাগ।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমিতে উৎপাদিত পণ্যের গুণগত মান ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি এসব পণ্য নিজ নিজ দেশে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা।

পরিদর্শন শেষে আনসার-ভিডিপির মহাপরিচালকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এসব পণ্যের চাহিদা ও আগ্রহ বাড়ছে।

তিনি আরও জানান, সফরকারী চার দেশের রাষ্ট্রদূতেরা এসব পণ্য নিজ নিজ দেশে নেওয়ার বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আনসার-ভিডিপির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়তে পারে।

একাডেমির জনসংযোগ কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূতেরা একাডেমিতে পৌঁছান। এ সময় তাঁরা আনসার-ভিডিপির বিভিন্ন কার্যক্রম ও উৎপাদনমুখী উদ্যোগগুলো ঘুরে দেখেন।

অনুষ্ঠানে চার দেশের রাষ্ট্রদূত ছাড়াও আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ