মো. এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে পাওনা ২ হাজার ৪০০ টাকা নিয়ে বিরোধের জেরে মো. ইমরান মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের মারিয়া ইউনিয়নের পেয়ারা ভাঙ্গা নাটবাড়ি মোড়ে কালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়াচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। সোমবার সকালে পাওনা টাকা আনতে কালামের বাড়িতে যান ইমরান। তবে কালামকে বাড়িতে না পেয়ে তিনি ফিরে আসেন। পরে সকালে তাঁর বাড়িতে যাওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে কালাম সন্ধ্যায় ইমরানকে ফোন করে বাড়ির সামনে আসতে বলেন।
ইমরান সেখানে পৌঁছালে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কালাম ধারালো ছুরি দিয়ে ইমরানের পেটে ও বুকে উপর্যুপরি তিনটি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কালামের স্ত্রী ইমরানকে ধরে রাখেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ইমরান মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

0 মন্তব্যসমূহ