তারাকান্দায় এলজিইডির তিন সড়কের ব্রিজ ঝুঁকিপূর্ণ, ভারী যান চলাচলে শঙ্কা


 

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন তিনটি সড়কের ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজগুলোর রেলিং ভেঙে যাওয়া ও দীর্ঘদিনের পুরোনো অবকাঠামোর কারণে এসব সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জানা গেছে, উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের কাশিগঞ্জ-অম্বিকাগঞ্জ সড়কের কামারিয়া খালের ওপর নির্মিত ব্রিজ, মাসকান্দা-রাউতনবাড়ি সড়কের তারাকান্দা গুহাটা-সংলগ্ন রাংসা নদীর ওপর নির্মিত ব্রিজ এবং গালাগাঁও ইউনিয়নের চিনাপাড়া থেকে গালাগাঁও সড়কের বাটিয়া বাজার-সংলগ্ন নদীর ওপর নির্মিত ব্রিজের অবস্থা নাজুক।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজগুলোর রেলিং ভেঙে যাওয়া এবং দীর্ঘদিন ব্যবহার করায় পুরোনো হয়ে পড়ার কারণে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ব্রিজগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ