রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্তিক রায়, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল রহমান মানিক এবং দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া নেতৃবৃন্দ শিবরামপুর ইউনিয়নের রোথ বাজারসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁদের এ পরিদর্শনে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের বার্তা উঠে আসে।
ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা স্থানীয়দের।

0 মন্তব্যসমূহ