আরমান হোসেন রাজু, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি দাওয়াতে যোগ দিতে ব্যাটারিচালিত ভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারীর উদ্দেশে রওনা হন জুলেখা বেগম। পথে বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বোদা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তারা মামলা করতে আগ্রহী না হওয়ায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্যসমূহ