মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের জীবনদর্শন, সৃষ্টিকর্ম, মানবতাবাদী চেতনা ও অসাম্প্রদায়িক ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, লালন সাঁইয়ের গান ও দর্শন জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে মানুষে মানুষে সম্প্রীতি, সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, লালন সাঁইয়ের কালজয়ী গান ও দর্শন শুধু বাংলার লোকসংস্কৃতির অমূল্য সম্পদ নয়, বরং মানবতার মুক্তি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনেরও এক অনন্য প্রেরণা। তাঁর সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে সত্য, সাম্য, ভালোবাসা ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে আসছে।
আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের গান ও লোকজ সংস্কৃতির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লালন সাঁইয়ের জীবনদর্শন ও সংগীতের মাধ্যমে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।
এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁর আদর্শ ধারণ ও লালনের আহ্বান জানানো হয়।

0 মন্তব্যসমূহ