ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আরিফুজ্জামান এবং ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজিম হাসান সাত্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতিবছর জেলা ও বিভাগীয় পর্যায়ে এ ধরনের মেলার আয়োজন করা হয়।

দুর্গাপূজার শারদীয় উৎসবকে সামনে রেখে আয়োজিত এবারের মেলায় ৫৯টি স্টলে ৩৯ জন নারী ও ২০ জন পুরুষ উদ্যোক্তা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

মেলায় ফ্যাশন ও তৈরি পোশাক, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিজাত পণ্য, জুয়েলারি, অর্গানিক পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় বিদেশি, নকল, অশোভন ও মানহীন পণ্য প্রদর্শন বা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

উদ্যোক্তাদের বেচাকেনার সুযোগ আরও বাড়াতে আগামী ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মেলা পরিচালনায় জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ