রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ব্যাগ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেয়েছেন এক সৌদি প্রবাসী।
জানা যায়, ঠাকুরগাঁওয়ের সালন্দর এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী মোজাম্মেল হক সম্প্রতি দেশে ফেরেন। ঢাকা থেকে নিজ বাড়ি যাওয়ার পথে তিনি হানিফ পরিবহনের একটি বাসে যাত্রা করছিলেন। পথিমধ্যে বীরগঞ্জের ১০ মাইল এলাকায় যাত্রাবিরতির সময় তিনি প্রস্রাবের জন্য বাস থেকে নামেন।
জরুরি প্রয়োজন সেরে ফিরে এসে তিনি দেখতে পান, তাকে রেখেই বাসটি গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে। এ সময় তার মূল্যবান কাগজপত্র ও পাসপোর্টসহ ব্যাগটি বাসের ভেতরেই রয়ে যায়।
পরে মোজাম্মেল হক তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি বীরগঞ্জ থানাকে অবহিত করলে থানার এসআই রায়হান নবী দ্রুত পদক্ষেপ নেন। পরে সংশ্লিষ্ট বাসটি থামিয়ে প্রবাসীর ব্যাগ, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে মোজাম্মেল হক বীরগঞ্জ থানায় এসে তার হারিয়ে যাওয়া ব্যাগ, পাসপোর্ট ও মূল্যবান জিনিসপত্র বুঝে নেন।
হারানো গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পাসপোর্ট ফিরে পেয়ে সৌদি প্রবাসী মোজাম্মেল হক বীরগঞ্জ থানা পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাহিনী সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

0 মন্তব্যসমূহ