কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা


 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেবাগ্রহীতা ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে প্রয়োজনীয় ৩ কোটি টাকার চাহিদার বিপরীতে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন। পাশাপাশি পর্যায়ক্রমে আরও অনুদান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন।

এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ