সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ


 

সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতা জোরদারের আশ্বাস

মো. লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) এবং সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর মধ্যে উচ্চতর সামরিক কোর্স ও শিক্ষা বিনিময় আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সক্ষমতা এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন।

পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সামগ্রিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে, প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সৌদি আরবের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

আগামী দিনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ