কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা


 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ ও ক্ষ্যাপা কুকুরের উপদ্রব। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ পথচারী, শিশু ও স্কুলগামী শিক্ষার্থীরা। প্রতিদিনই কুকুরের কামড় ও আঁচড়ে আহত হয়ে অনেকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো কুকুর পথচারী ও শিক্ষার্থীদের তাড়া করছে। বিশেষ করে কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকিতলা, আমতলা মোড়, মাইওয়ান মোড়সহ ফুলবাড়িয়া, মৌচাক, সফিপুর, বোয়ালী, শ্রীফলতলী, সূত্রাপুর, চাপাইর ও ঢালজোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কুকুরের আতঙ্ক বেড়েছে।

এদিকে কুকুরের কামড় ও আঁচড় থেকে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি থাকায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। অনেক অভিভাবক সন্তানদের একা স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার সাদিয়া তাসনিম মুনমুন জানান, কুকুরের আক্রমণের শিকার হলে ক্ষতস্থান দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। পাশাপাশি দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় জলাতঙ্কের টিকা গ্রহণ করা জরুরি।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, কুকুরের উপদ্রবের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত ভ্যাকসিনেশন ও প্রতিরোধমূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি অভিভাবকদের শিশুদের একা বাইরে না ছাড়ার পরামর্শ দেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। লাখো মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুকুরের আক্রমণ প্রতিরোধ এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ