ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের অলিগলিতে মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার যুবসমাজসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, মাদকের বিস্তারের কারণে এলাকায় ছোটখাটো চুরি বেড়েছে। রাতের আঁধারে বিভিন্ন বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। কোথাও বৈদ্যুতিক মোটর, কোথাও ব্যাটারি, আবার কোথাও মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হওয়ার ঘটনা ঘটছে।
এলাকাবাসীর দাবি, মাদকাসক্তদের একটি অংশ মাদকের টাকা জোগাড় করতে এসব চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে সন্ধ্যার পর থেকেই অনেক গ্রামের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই রাতে আতঙ্কের মধ্যে থাকছেন এবং ঠিকমতো ঘুমাতে পারছেন না।
স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা চিহ্নিত করবে এবং মাদক ও চুরির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

0 মন্তব্যসমূহ