কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
৫ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে হাসেন আলী (৫৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজিং মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার। দণ্ডপ্রাপ্ত হাসেন আলী ওই এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পশ্চিম ফুলমতি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজিং মেশিন দিয়ে নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ইউএনও দিলারা আক্তারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে হাসেন আলীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজিং সেটআপ ও অন্যান্য সরঞ্জাম ভেঙে ধ্বংস করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার বলেন, অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতির পাশাপাশি আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ে। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ