কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ২০, এলাকায় আতঙ্ক

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাঁপাইর ইউনিয়নের কয়েকটি এলাকায় পাগলা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চাঁপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্দেকচালা এলাকায় শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, শিয়ালগুলো দিনে ও রাতে বিভিন্ন সময় বসতবাড়িতে ঢুকে মানুষ ও গবাদিপশু—গরু, মহিষ ও ছাগলকে কামড়ে আহত করছে।

আহতদের মধ্যে রয়েছে দ্বীন ইসলাম (১২), মফিজ মাস্টার (৪০), শারমিন (৩৫), আলমাস (৩৮), আলী হোসেন (৩৫), মিম (৫) ও হরিদাসী (৬০)সহ প্রায় ২০ জন। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনে চাঁপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্দেকচালা এলাকায় একাধিক ব্যক্তিকে শিয়ালে কামড় দিয়েছে। শিয়ালের অবাধ বিচরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চাঁপাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. সবুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, “বিষয়টি শুনেছি। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ