ত্রিশালে ভ্যানকে বাসের ধাক্কা, ছিটকে পড়া যাত্রীর ওপর বাস তুলে দেওয়ার অভিযোগ; নারী নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী একটি ভ্যানকে বাসের ধাক্কার পর সড়কে ছিটকে পড়া যাত্রীদের ওপর বাস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানে থাকা আরও কয়েকজন যাত্রী।

সোমবার (৮ সেপ্টেম্বর) ত্রিশাল উপজেলার সাইফুল কমিশনার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সড়কের ওই এলাকায় একটি যাত্রীবাহী ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা কয়েকজন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর বাসচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সড়কে পড়ে থাকা এক নারী যাত্রীর ওপর দিয়ে বাস চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা দাবি করেছেন।

দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহতদের নাম-পরিচয় ও বর্তমান অবস্থা জানার চেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের অভিযোগ, বাসটির অতিরিক্ত গতি ও চালকের দায়িত্বহীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা দুর্ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে চাইলে ত্রিশাল থানার সেকেন্ড অফিসার পলাশের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে।

সাংবাদিকদের অভিযোগ, দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তথ্য জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত আচরণ করেন। বিষয়টি নিয়েও সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী বাসচালককে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তদন্তেরও দাবি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এটি নিছক দুর্ঘটনা নাকি চালকের বেপরোয়া গতি ও দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টার কারণে হতাহতের ঘটনা আরও ভয়াবহ হয়েছে—তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ