নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিমু সাহার বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃ আমিনুল ইসলামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সেবার মান, চিকিৎসাসেবা এবং ২০২৫-২৬ অর্থবছরে হাসপাতাল মেরামতের জন্য বরাদ্দ ও ব্যয়ের খাত সম্পর্কে তথ্য জানতে চান তারাকান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাগর তালুকদার।
এ সময় সংশ্লিষ্ট তথ্য জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিমু সাহা অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। একপর্যায়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “ইউএনও কে? উনার অধীনে আমি চাকরি করি না।”
এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে সরকারি কর্মকর্তার এমন আচরণ নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তাদের মতে, সরকারি প্রতিষ্ঠানের সেবা, বরাদ্দ ও ব্যয়সংক্রান্ত তথ্য জানতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ও সহযোগিতামূলক আচরণ প্রত্যাশিত।
এদিকে, অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার জন্য গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তথ্য অধিকার আইনে আবেদন জমা দেন তারাকান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর তালুকদার।
অভিযোগের বিষয়ে ডা. শিমু সাহার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনি আবেদনটি রেখে যান, আমি উপজেলায় এমপির সঙ্গে মিটিংয়ে আছি।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তাঁর আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ময়মনসিংহের সিভিল সার্জনের বক্তব্য জানতে সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

0 মন্তব্যসমূহ