Desher Jonopod
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ হাজার ২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।
বুধবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকায় সিবিএমসিবি মেডিকেল কলেজের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪ হাজার ২১ পিস ইয়াবা উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হুমায়ুন রশিদ সবুজ (৩৮), তিনি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার বড়ুয়াকোনা এলাকার মৃত সাইদুল হকের ছেলে এবং রাকিব খান (২২), তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকৈরগড়া ইউনিয়নের বায়রাউঢ়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্যসমূহ