হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ফ্রেন্ডশিপ এনজিওর FDIDP প্রজেক্টের স্টাফ ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে CBR (Community Based Rehabilitation) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশিপের FDIDP প্রজেক্টের ম্যানেজার রুহুল আমিন সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তর সরকারি উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতা প্রদানের ক্ষেত্রেও বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ভাতা সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে সমাজসেবা অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ফ্রেন্ডশিপ এনজিও অত্যন্ত ভালোভাবে কাজ করছে। চিলমারী উপজেলার চারটি ইউনিয়নের ১৩টি চরে তাদের CBR Worker রয়েছে এবং ১৬টি বারান্দা স্কুলের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং আয়বর্ধক কার্যক্রমে (IGA) সহায়তা দেওয়া হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম। তিনি ফ্রেন্ডশিপের FDIDP প্রজেক্টকে এ ধরনের গুরুত্বপূর্ণ সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর একটি। অনেক সময় তাদের বোঝা হিসেবে দেখা হয়। তবে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে তারাও স্বাবলম্বী হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার দপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সেলাই প্রশিক্ষণ, ব্লক-বাটিক ও ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি প্রশিক্ষণ নিতে চাইলে তার দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন FDIDP প্রজেক্টের ম্যানেজার রুহুল আমিন সরকার, ডা. ইমরান খান, রিহ্যাবিলিটেশন অফিসার ও টেকনিক্যাল সুপারভাইজার মোন্তাজুল রহমান, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ ফ্রেন্ডশিপ ও উপজেলা সমাজসেবা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, পুনর্বাসন, সামাজিক অন্তর্ভুক্তি, ভাতা প্রাপ্তি এবং আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

0 মন্তব্যসমূহ