গাইবান্ধায় এসপির বাংলোর গার্ড ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২ ২৬ আগস্ট ২০২৬ গাইবান্ধা শহরের স্টেশন রোড এলাকায় পুলিশ সুপারের (এসপি) বাসভবনের গার্ড ব্যারাকের বাথরুম থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত হাবিবুর রহমান পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। তিনি এসপির বাংলোতে গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাবিবুর নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে হাবিবুরের মনোমালিন্য ও ঝগড়া চলছিল। মঙ্গলবার বিকেলে গার্ড ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় রডের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় হাবিবুরকে ঝুলতে দেখা যায়। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনি মারা যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ