সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। তার বিরুদ্ধে জারি থাকা সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বেলা ১১টার দিকে পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানির সময় বিদিশাকে এজলাসে না তুলে আদালতের হাজতখানায় রাখা হয়। বিদিশার আইনজীবী আতিকুর রহমান উচ্চ আদালতে আপিলের শর্তে বিশেষ বিবেচনায় জামিনের আবেদন করেন। তিনি আদালতকে জানান, এর আগে মামলাটিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল, যা পরবর্তী সময়ে প্রত্যাহার করা হয়। তার মক্কেলের অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম শেষ করে রায় দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে জামিনের তীব্র বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান এবং রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম। বাদীপক্ষের আইনজীবী দাবি করেন, প্রায় আড়াই দশকের পুরোনো এই মামলায় বিদিশা আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং সমন ও মামলার কার্যক্রম সম্পর্কে অবগত থাকার পরও দীর্ঘদিন আদালতে হাজির হননি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণ মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলার এজাহারে বলা হয়, ২০০১ সালের ১ জুলাই ফ্ল্যাট কেনার সূত্রে পরিচয়ের পর বিদিশা তাকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেন। পরে একই বছরের ১০ জুলাই বনানীর রজনীগন্ধা কার্যালয়ে বাদীর মনোনীত প্রতিনিধি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার গ্রহণ করেন বিদিশা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ওই অর্থ পরিশোধের পর উভয়ের মধ্যে একটি বায়নানামাও সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন সাপেক্ষে বাকি অর্থ গ্রহণ করে ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর না করে তিনি কালক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বিদিশা বাদীকে ৭২ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স হয়। এরপর ফ্ল্যাট বা টাকা কোনোটিই ফেরত না দিয়ে বাদীকে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও মামলায় করা হয়। উল্লেখ্য, গত ২০ মে বিদিশার অনুপস্থিতিতে আদালত মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে প্রতারণার দায়ে তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ