জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

 

মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জনগণের উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে জনস্বার্থে কিছু ত্যাগ স্বীকার করেও জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে আসতে হবে।

সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ময়মনসিংহে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম সফল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে জনগণ তাদের প্রাপ্য সেবা ও অধিকার বুঝে পাবেন। একই সঙ্গে সরকারের প্রতি জনগণের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, তাও পূরণ হবে। কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

চলমান উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে জেলার সব দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করে জনগণের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

এছাড়া সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ