‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল’
নিজস্ব প্রতিবেদক:
ফটোসাংবাদিক মিশাল মন্ডলকে ‘শীর্ষ মাদক কারবারি’, ‘অস্ত্রধারী’ ও ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও প্রচারণার প্রতিবাদ জানিয়েছে তাঁর পরিবার।
পরিবারের দাবি, মিশাল মন্ডল কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী নন। তিনি গত ৭–৮ মাস ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় তাঁকে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই পরিবার প্রশাসনের সহযোগিতা চেয়েছিল।
সোমবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মিরেরচক এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব কথা বলা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মিশাল মন্ডলের ছোট বোন। এ সময় তাঁর মা, স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পরিবার জানায়, ৪২ বছর বয়সী মিশাল মন্ডল দীর্ঘদিন ধরে দৈনিক উপচার, বাংলার জনপদ ও বরেন্দ্র টেলিভিশনে ফটোসাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত ৭–৮ মাস ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং পেশাগত কাজেও অনিয়মিত হয়ে পড়েন। এতে পরিবারে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয়।
পরিবারের ভাষ্য, তাঁকে বিপথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্দেশ্যেই পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা চান। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ আগস্ট দিবাগত রাতে নগরীর খুলিপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে মিশালসহ তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করে তাঁদের আইনি প্রক্রিয়ার আওতায় নেয় বলে পরিবার জানায়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল মিশাল মন্ডলকে ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে প্রচার করছে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তোলা ছবি সংগ্রহ করে বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
পরিবারের আরও দাবি, এর আগেও সাংবাদিকদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মিশাল মন্ডলের একটি সাধারণ ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফটো এডিটিং প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে হাতে পিস্তল সংযুক্ত করে প্রচার করা হয়েছিল।
লিখিত বক্তব্যে পরিবার আরও জানায়, প্রায় ৬–৭ বছর আগে রাজনৈতিক বিরোধের জেরে মিশাল মন্ডলের বিরুদ্ধে কিছু মামলা হয়েছিল। তবে গত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই বলে দাবি পরিবারের।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে ‘অপরাধী’ বা ‘মাদক কারবারি’ হিসেবে চূড়ান্তভাবে উপস্থাপন করা উচিত নয়। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে মিশাল মন্ডলকে নিয়ে প্রকাশিত ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায় পরিবার। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সময় পরিবারটি প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের নিরপেক্ষ সহযোগিতা কামনা করে।

0 মন্তব্যসমূহ