গফরগাঁওয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪২ জন শিক্ষার্থী এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২২ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মো. নুরুজ্জামান, মো. মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবীর আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গফরগাঁও উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ