মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলায় ১২২টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকার মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস অফিসার) তপন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মধুমতি গ্রুপের প্রতারণা সংক্রান্ত মামলায় মোট ১২২টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার নিশাত দিলরুবা জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


কোন মন্তব্য নেই: