​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর


 শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। বুধবার (১৯ আগস্ট ২০২৬) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

এ ঘটনায় নিহত আজিবর রহমানের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবর রহমানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে তাকে একাধিকবার অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়।

এরপরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।”

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.