রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া মন্দির থেকে বাবুরহাটগামী সড়কের পাকাকরণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। অভিযোগের পর আপাতত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার শহিদুল সড়ক নির্মাণকাজে চুক্তির শর্ত অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার না করে নিম্নমানের ইট ব্যবহার করছিলেন। এতে নির্মাণাধীন সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ দেখা দেয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা নির্মাণকাজে বাধা দেন এবং উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপাতত সড়কের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
স্থানীয় এলাকাবাসীর দাবি, সড়ক নির্মাণে চুক্তি অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।


কোন মন্তব্য নেই: