যেসব কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন বিদেশিরা

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ ও আরিফুর রহমান আরিফ, বাপসনিউজ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে দেশটির সরকারি সহায়তা গ্রহণ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন। ভিসার শর্তের অপব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীলতার বিষয়ে সতর্ক করে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৭ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় দূতাবাস। খবর বাপসনিউজ ও আইবিএননিউজের।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার ব্যয় মেটাতে দেশটির সরকারি সহায়তা গ্রহণ করলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। কেউ ভিসার শর্ত লঙ্ঘন করলে কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগের বিষয়ে সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। এতে বলা হয়, ভ্রমণকারীদের অবশ্যই তাদের ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

নিজের যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা জানতে দূতাবাস i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে।

এ ছাড়া, গত ২৮ অক্টোবর দেওয়া আরেকটি বিবৃতিতে ভিসার যথাযথ ব্যবহার সম্পর্কে নির্দেশনা দেয় দূতাবাস। সেখানে জানানো হয়, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা ধরনের ভিসার প্রয়োজন।

দূতাবাস আরও জানায়, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসাসংক্রান্ত নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়া এবং অনুমোদিত শর্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে মার্কিন দূতাবাস।

সূত্র: জাগোনিউজ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ