পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী ও মেয়েসহ নিহত ৩, আহত ৫


 

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন নিউজ পোর্টাল ধারা নিউজের হেড অফিসের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় থ্রি-হুইলারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা এবং সাংবাদিক আলী আসগর খোকনের স্ত্রী মাহমুদা খানম। তিনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক ছিলেন। নিহত অপরজন তাঁর সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি। এছাড়া দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী প্রমিলা রাণী (৩০) নিহত হয়েছেন।

আহতরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে মাহমুদা খানম ও তাঁর মেয়ে আল আকসা সুমাইয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে, প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, শুক্রবার বিকেলে কৈকিল্লা দিঘী এলাকায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ