রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে আশরাফুল আলম ওরফে ফুলি (৪৫) নামে এক ব্যক্তিকে ২৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল বীরগঞ্জ পৌর শহরের বহুল আলোচিত ফুলি নামে পরিচিত আশরাফুল আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি তল্লাশি করে ২৪০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
অভিযানে এজাহারকারী এএসআই এনায়েতুল হকসহ আবুল কাশেম, ইউসুফ আলী, ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছা. মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার আশরাফুল আলম ওরফে ফুলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।

0 মন্তব্যসমূহ