শাকিল হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় পর্যায়ের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি যুগান্তকারী ও মহতী উদ্যোগ। এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহকারীদের প্রতিটি বাড়িতে গিয়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি সুপারভাইজাররা তাঁদের নির্ধারিত এলাকার তথ্য সংগ্রহকারীদের কার্যক্রম নিয়মিত তদারকি করবেন।
তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিকের জীবনে ফ্যামিলি কার্ডের গুরুত্ব ও ভবিষ্যৎ প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দিতে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য ও নির্দেশনা তুলে ধরেন তিনি।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৩ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।
কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রবেশন কর্মকর্তা মো. আব্দুল ওহাব, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম।
প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারীরা সঠিকভাবে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের দক্ষতা অর্জন করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ