মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরি ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়।
অভিযানকালে ক্ষতিকর ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে একই এলাকার মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদের বিরুদ্ধেও একই আইনের ২০ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন।
জনস্বাস্থ্য ও গবাদিপশুর সুরক্ষা নিশ্চিত করতে ভেজাল পশুখাদ্য উৎপাদন, বিপণন এবং লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

0 মন্তব্যসমূহ