হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ ও আরিফুর রহমান আরিফ, বাপসনিউজ।
ডিবিসি নিউজের চেয়ারম্যান, প্রখ্যাত সাংবাদিক নেতা এবং দি ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও রিপোর্টার রাজিব ঘোষকে ডিবিসি কার্যালয় থেকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।
এক বিবৃতিতে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের নেতারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান ভিত্তি। সাংবাদিকদের কর্মস্থল থেকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
বিবৃতিতে তাঁরা অবিলম্বে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, রিপোর্টার রাজিব ঘোষসহ আটক সব সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জোরালো দাবি জানান।
বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন; আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ।
খবর: বাপসনিউজ ও আইবিএননিউজ।

0 মন্তব্যসমূহ