শাকিল হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর এলাকার রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার ১০ বছর বয়সী জমজ কন্যাশিশুর যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পায়নি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক এম সাইফুল্লাহ।
ইউএনও জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি সংবেদনশীল বিবেচনায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি অভিযোগের কোনো সত্যতা পায়নি বলে জানানো হয়েছে।
তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অলীয়ার রহমান জানান, তদন্তকালে অভিযোগের সত্যতা মেলেনি। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে তিনি বলেন, ঘটনার দিন সকালে অসাবধানতাবশত শিশুটির পায়ে পেরেক ফোটে। ওই দিন বিকেলে বিষয়টি তার মা জানতে পারেন। এতে তিনি ক্ষুব্ধ হন। পরে কেউ তাকে পরামর্শ দেন, মাদ্রাসার শিক্ষককে শায়েস্তা করতে হলে ইউএনওর কাছে অভিযোগ করতে হবে। এ বিষয়ে শিশুটির মা লিখিত জবানবন্দিও দিয়েছেন বলে জানান তিনি।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, উভয় পক্ষের উপস্থিতিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় বাসিন্দা, মাদ্রাসার সাবেক হেফজ সম্পন্নকারী শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে কারও কাছ থেকে অভিযোগের পক্ষে কোনো নেতিবাচক বক্তব্য পাওয়া যায়নি। বরং সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদ্রাসার কার্যক্রমের প্রশংসা করেছেন।
মাদ্রাসায় পাঠদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পর্দার বাইরে থেকে মাদ্রাসার নির্বাহী পরিচালক ও সুপার মাওলানা আব্দুর রহমান শিক্ষার্থীদের পাঠদানের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকেন।
এদিকে মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে এসব অভিযোগ ছড়াচ্ছে। তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

0 মন্তব্যসমূহ