কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, মহাসড়ক অবরোধমুক্ত; কাজে ফিরেছেন শ্রমিকরা

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও নজরদারির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধমুক্ত রয়েছে। এতে শিল্পাঞ্চলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।

সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় কোথাও সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ফলে এসব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। দুই দিনের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন বলেন, আজকের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ প্লাটুন বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা কাজে ফিরেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনব্যাপী প্রশাসনের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ