মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ নিমতলা মোড় এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

0 মন্তব্যসমূহ