কিশোরগঞ্জে বিয়ের খাবার খেয়ে অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু


বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। তিনি পল্লিচিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পরপরই অতিথিদের অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের কিশোরগঞ্জ সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

কনে তাসমিতা বেগম (১৯) জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে দুই পক্ষের অনেকেই অসুস্থ হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন ও তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া দাবি করেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়েছেন বলে তাঁর ধারণা। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

একই গ্রামের রুবেল মিয়া (৩৫) জানান, অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতভর তাঁদের হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ভাগলপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অনেকে বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। তাঁর ধারণা, অসুস্থ ব্যক্তির সংখ্যা ৬০ জনের বেশি।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস জানান, সেখানে ২২ নারী ও ১৮ পুরুষসহ মোট ৪০ জন ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালেও অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে শয্যাসংকটের কারণে রোগীদের হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

বার্তা প্রেরক:
বিজয় কর রতন
মিঠামইন, কিশোরগঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ