মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ইজিবাইকও জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও জব্দ করা যানবাহনের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি ইজিবাইক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার সুরানপুর এলাকার মো. মাসুদ রানা আসিক (৩০), পিতা মো. আব্দুল হামিদ; মো. এনায়েতুল্লা শিমুল (২০), পিতা মো. আনোয়ার আলী এবং মো. আনোয়ার হোসেন (৪৫), পিতা মো. রবিউল ইসলাম।
বিজিবি জানায়, অভিযানে উদ্ধার করা ২৫ গ্রাম হেরোইন ও জব্দ করা দুটি ইজিবাইকের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

0 মন্তব্যসমূহ