মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে অন্তত দুই দিন বৃহৎ পরিসরে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। হাম-রুবেলার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। একই সঙ্গে জলাতঙ্ক ও স্নেক ভেনমের টিকা উপজেলাভিত্তিক বরাদ্দ দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিনিধি জানান, যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নগরীর প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রেখে যানজট নিয়ন্ত্রণের কার্যক্রম চলছে। এ ছাড়া এডিস মশার বিস্তার রোধে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লার্ভিসাইড স্প্রে এবং সন্ধ্যায় অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পের আওতায় ১১২টি কাজের মধ্যে ১০৮টি সম্পন্ন হয়েছে এবং বাকি চারটি কাজ চলমান রয়েছে। নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পে আটটি কাজের মধ্যে পাঁচটি সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ১৫ তলাবিশিষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাস নির্মাণকাজ চলমান রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৩৯টি কৃষি ব্লকে নির্ধারিত সময়ের মধ্যে কৃষক কার্ড কার্যক্রমের লক্ষ্যমাত্রা পূরণে কাজ চলছে। পাশাপাশি সমন্বিতভাবে ন্যায্যমূল্যে সার বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
অন্যদিকে, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, ময়মনসিংহ জেলার উন্নয়নে প্রতিটি সরকারি দপ্তর নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা প্রশাসন জেলার সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগী হিসেবে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। কোনো পর্যায়ে জটিলতা দেখা দিলে সম্মিলিত উদ্যোগে দ্রুত তা সমাধান করতে হবে। সব দপ্তরের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ