মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ঈদগাহসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ‘Kuf Relief’ (ইস্কাফ) সিরাপ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। এ ঘটনায় জব্দ করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “দেশ ও জাতি গঠনে যুবসমাজকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

0 মন্তব্যসমূহ