বাঁশখালীতে SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; গ্রেপ্তার ৬


 

মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীর প্রেমবাজার থেকে SRB সদস্য পরিচয়ে ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর ভোরে কক্সবাজারের টেকনাফের লেদা (আলীখালী) রোহিঙ্গা ক্যাম্প-২৫ সংলগ্ন এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পুঁইছড়ির প্রেমবাজারে ভিকটিমের হার্ডওয়্যারের দোকানে SRB লেখা কটি পরিহিত কয়েকজন ব্যক্তি প্রবেশ করে। তারা নিজেদের SRB সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীকে হ্যান্ডকাফ পরিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন ভিওআইপি নম্বর থেকে ফোন করে তাঁর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। তারা হলেন—চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য সুমন মুন্সি, মিজানুর রহমান, জয়নাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. ছলিম ওরফে সেলিম এবং দেলোয়ার হোসেন।

অভিযানে অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেট কার, পাঁচটি কালো রঙের SRB লেখা কটি, দুটি ভুয়া পরিচয়পত্র ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাবেক সেনাসদস্য সুমন মুন্সি ভুয়া SRB পরিচয়ে একটি চক্র গড়ে তুলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁর বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জয়নাল উদ্দিনের বিরুদ্ধে অপহরণ, চুরি ও ছিনতাইয়ের তিনটি এবং ছলিম ওরফে সেলিমের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। আব্বাস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান ও ডিবির ওসি মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং অপরাধের বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ