মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অষ্টম টিমের আওতায় এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজারামপুর, হাজিপাড়া, মাদ্রাসা এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে রাজারামপুর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। এ সময় বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ ছাড়া স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও জমে থাকা পানি নিয়মিত অপসারণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

0 মন্তব্যসমূহ